অগণিত গুপ্তধন সমৃদ্ধ সত্ত্বা
আমরা অনেকেই আমাদের ভেতরকার গুণগুলো সম্পর্কে জানিনা। আমাদের মনের ভেতরে যে অদম্য ইচ্ছাশক্তি, অপ্রতিরোধ্য কল্পনাশক্তি আর অগাধ ভালোবাসা আছে তা নিজেদেরই জানা নাই।
ঐ ইচ্ছাশক্তি, ঐ কল্পনাশক্তি আর ঐ অগাধ ভালোবাসা যারা নিজের মধ্যে টের পায় বা আবিষ্কার করতে পারে, সে তখন নিজেকে আলোকিত করতে শুরু করে, আর সেই আলোতে অন্যরাও আলোকিত হতে থাকে। ডঃ জোসেফ মারফি একজন বিখ্যাত মনোবিদ, উনার মতে একটি চৌম্বকত্ব অর্জনকারী লোহা আরও অনেক লোহার টুকরাকে আকর্ষণ শক্তির বলে তুলে ফেলতে সক্ষম। কিন্তু যদি ঐ লোহার টুকরা কে যদি চৌম্বকত্ব হারিয়ে রেখে দেয়া হয় তাহলে সে একটা পালকও তুলতে পারেনা।
এভাবেই আমাদের দেখা মতে, অনেক চৌম্বকশালী মানুষ আছে যারা জীবনের যুদ্ধগুলোর (না পাওয়া, না হওয়া, হেরে যাওয়া) মুখমুখি হয় অনেক আত্মবিশ্বাস আর মানসিক শক্তি নিয়ে। আবার অনেকেই আছি যারা চৌম্বকহীন লোহার মত ঐ যুদ্ধের মুখোমুখি হই দুর্বলতা আর নেতিবাচক চিন্তা নিয়ে। জীবনে যখন কোন সুযোগ সামনে আসে তখন তারা দ্বিধান্বিত হয়ে যায়। আর ভাবতে থাকে অন্যরা কি বলছে, কি ভাবছে, আমি তো পারিনি, আর পারবো না। এরকম চিন্তারা মনের ভিতরে ভিড় করে কারণ নিজের মনের শক্তি সম্পর্কে তিনি জানেন না। যখন কেউ জানবে নিজের গুণগুলো কি, কি অদম্য শক্তি আছে আমার নিজের ভেতরে, তখনই ঐ চৌম্বকশালী লোহার মত জীবনের বাধাগুলো মোকাবেলা করার সক্ষমতা অর্জন করতে পারবো। জীবনে অসুবিধা, না পাওয়া, হতাশা, ব্যর্থতা আসেনি বা ছিলোনা এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এমনকি অন্যান্য প্রাণীকুলেরও অনেক কষ্টের অভিজ্ঞতা আছে। আর কোন কিছু মোকাবেলা করার অর্থ এটাও নয় যে সবসময় আমরা সফল হতে পারবো, বা অসুবিধা সমাধান করে ফেলতে পারবো। এই মোকাবেলার অর্থ হচ্ছে আমার দৃঢ় মনোবল, ইচ্ছাশক্তি আর ভেতরকার মনঃস্তাত্ত্বিক শক্তি নিয়ে কমপক্ষে ঐ অসুবিধাগুলোর মুখোমুখি হতে পারবো।
নিজের অবচেতন মনের অদম্য প্রাণশক্তির আবিষ্কারের পথ যাত্রাটা খুব সহজ নয়। তবে প্রাথমিক ধাপ হিসেবে নিজের গুণগুলোকে স্পষ্টভাবে বুঝতে শেখা ও বেশি বেশি চর্চা করা যেতে পারে। একইসাথে নিজের ঐ শক্তির আবিষ্কারের জন্য নিজেকে আরও আলোকিত করতে একাডেমীক পড়াশুনার পাশাপাশি আত্ম-উন্নয়নমূলক পড়াশুনা করা যেতে পারে।
আত্ম-জ্ঞান উপলব্ধির এই যাত্রাপথে পরিভ্রমণের জন্য আপনার প্রতি রইল শুভকামনা।
শাম্মী আক্তার
সহকারী কাউন্সেলিং মনোবিজ্ঞানী
ইউনিভার্সিটি অফ লিবেরাল আর্টস বাংলাদেশ

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন